প্রথম মিনিটে গোল দিয়েও পর্তুগালের কাছে হেরে গেলো বাংলাদেশ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম

অসাধারণ শুরু। আজারবাইজানের হবসান কম্পিটিশন কমপ্লেক্সে ম্যাচের প্রথম মিনিটে কাউন্টারে অ্যাটাকে পর্তুগালকে অবাক করে দেয় বাংলাদেশ। ফরোয়ার্ড মোহাম্মদ বায়জিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

তবে সেই ছন্দ বেশি সময় ধরে রাখতে পারেনি আকবর হোসেন রিদনের শিষ্যরা। পরে ভুলের মাশুল দিয়ে নিজেরা হজম করেছে তিন গোল। ওয়েলসকে রুখে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভাল শুরু করেছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ‍দারুণ শুরু পেয়েও পর্তুগালের কাছে ৩-১ গোলে হেরেছে তারা। 

ডিফেন্ডার ও গোলকিপারের ভুলে দুটি গোল হজম করে বাংলাদেশ। ৭ মিনিটে ডিফেন্ডার আরশি আজিমের ভুলে আত্মঘাতী গোল পেয়ে সমতায় ফেরে পর্তুগাল। ১২ মিনিটে পর্তুগিজদের এগিয়ে  নেন মিডফিল্ডার রুবেন কুইরোজ। দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোলকিপার সায়েদ রায়াতের ভুলে তৃতীয় গোলটি হজম করে বাংলাদেশ। 

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল। একটি করে হার ও ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। বাংলাদেশের পরবর্তী ম্যাচ রবিবারই ইন্দোনেশিয়ার বিপক্ষে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত