আজারবাইজানের বাকুতে ফিফা আয়োজিত অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ড্র দিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ। ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইউরোপের দেশ ওয়েলসের মুখোমুখি হয় বাংলাদেশের কিশোররা। সেখানে দুই দলের তীব্র আক্রমণের পরও কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি শেষ হয় গোলশূন্যভাবে।
বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে আয়োজিত এই বিশেষ প্রতিযোগিতায় স্বাভাবিক মাঠের বদলে খেলা হচ্ছে ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে। আটজন খেলোয়াড় নিয়ে গঠিত দলের এই সংক্ষিপ্ত কিন্তু তীব্র গতির লড়াইয়ে প্রতিটি অর্ধে ২০ মিনিট করে সময় নির্ধারণ করা হয়েছে।
সেখানে ম্যাচের ১৯ ও ২০ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বিশেষ করে ২০ মিনিটের সময় ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া হয়। কর্নার থেকে ক্রস করা বল সরাসরি গোলবারের সামনে দাঁড়ানো মিডফিল্ডার রাতুলের কাছে পৌঁছালে তিনি সহজ শটে বল জালে জড়ানোর পরিবর্তে বারের বাইরে দিয়ে মেরে বসেন। ওই সহজ সুযোগটি কাজে লাগিয়ে যদি বাংলাদেশ এগিয়ে যেতে পারত, তবে প্রথম ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ার সুবর্ণ সুযোগ ছিল তাদের সামনে।
বিরতির পরও দুদলের আক্রমণ-পাল্টা আক্রমণ অব্যাহত থাকে। দ্বিতীয়ার্ধে ওয়েলস বাংলাদেশের ওপর বেশ চাপ তৈরি করলেও রক্ষণভাগের ফুটবলারদের দৃঢ়তায় কোনো গোল হজম করতে হয়নি। নির্ধারিত ৪০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
টুর্নামেন্টের ‘জি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। ড্রয়ের পর এক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে কিশোররা, আর সমান পয়েন্টে তৃতীয় স্থানে অবস্থান করছে ওয়েলস। একই গ্রুপের অন্য ম্যাচে বুরুন্ডিকে ১-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউরোপের অন্যতম পরাশক্তি পর্তুগাল।
সামনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা। আগামী ২৫ ও ২৬ অক্টোবর টানা দুটি করে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আগামীকাল রবিবার প্রথম ম্যাচে লাল-সবুজের কিশোরদের মুখোমুখি হবে পর্তুগাল, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়। আর একই দিনে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, এই ম্যাচটি শুরু হবে রাত ১০টা ৪৫ মিনিটে।
এরপর সোমবার যথাক্রমে বুরুন্ডি ও ফিজির বিপক্ষে খেলবে বাংলাদেশের কিশোররা।
আইপিএলে মুম্বাইয়ের নতুন কোচ হলেন কে