কুমিল্লায় পুকুরে ডুবে চাচাতো-জেঠাতো দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশুর একজনের বয়স চার বছর, অন্যজনের পাঁচ বছর। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।

মারা যাওয়া দুই শিশু হলো, বরইয়া গ্রামের প্রবাসী সোহেল রানার ছেলে আবদুর রহমান (৪) ও জুয়েল রানার ছেলে জুবায়ের (৫)।

লালমাই থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে বাড়ির পাশে একসঙ্গে খেলছিল জুবায়ের ও আবদুর রহমান। খেলার একপর্যায়ে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। এদিকে দীর্ঘ সময় দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে পুকুরে তাদের ভাসতে দেখেন স্বজনেরা।

পরে দ্রুত দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় বাগমারা বাজারে চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমাই থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।