প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে মার্কিন সামরিক বাহিনীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড। মাদক পাচারবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৭ অক্টোবর) এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। তবে এ ধরনের হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়ে আসছেন মানবাধিকার বিশেষজ্ঞরা। খবর রয়টার্স। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের পরিচিত রুটে চলাচলকারী একটি দ্রুতগতির নৌযানকে লক্ষ্য করে প্রাণঘাতী সামরিক হামলা চালানো হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, 'নিশ্চিত গোয়েন্দা তথ্যের' ভিত্তিতে নৌযানটি মাদক পাচারের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে ধারণা করা হয়েছে। তবে এ দাবির পক্ষে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি মার্কিন সামরিক বাহিনী। হামলায় নিহত পাঁচজনকে 'মাদক সন্ত্রাসী' বলেও উল্লেখ করেছে তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত যেসব নৌযানে হামলা চালিয়েছে, সেগুলো মাদক বহন করছিল বলে দাবি করে আসছে।

ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে এসব নৌযান লক্ষ্য করে চালানো মার্কিন হামলায় এ পর্যন্ত ২৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

তবে এসব অভিযান নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ ও সমালোচনা রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞরা এসব হামলাকে বেআইনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছেন।

অন্যদিকে, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) ট্রাম্প প্রশাসনের হামলার লক্ষ্যবস্তু ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগকে 'ভিত্তিহীন ও আতঙ্ক ছড়ানো বক্তব্য' হিসেবে সমালোচনা করেছে। 

তবে নৌযানটিতে থাকা ব্যক্তিরা মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন কি না, সে বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ।