তামিম-মুমিনুলকে হারালেও প্রথম সেশন বাংলাদেশের

মিরপুর টেস্টের শুরুটা ধাক্কা দিয়ে হলেও সেটি বেশ ভালোভাবেই সামলে নিয়েছিলেন মুমিনুল হক ও সাদমান ইসলাম। এগোচ্ছিলেন বড় জুটির পথে। তবে সেই জুটি ভাঙার চেষ্টায় একের পর এক বোলিং চেঞ্জ করে অবশেষে জোমেল ওয়ারিকানের বলে সফল হয় উইন্ডিজরা। তবে সেশনের বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। এতে প্রথম দিনের প্রথম সেশন শেষে ২৯ ওভারে ২ উইকেটে শান্তদের সংগ্রহ দাঁড়াল ৯৬ রান।

২২ গজে এই মুহূর্তে অপরাজিত আছেন সাদমান (৪২*) আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৫*)। এদিকে থিতু হয়ে ২৮ রান করে ফিরেছেন মুমিনুল আর দিনের শুরুতেই তানজিদ হাসান তামিম ফিরেছেন কেবল ৭ রান করে। 

উইন্ডিজ দলের দুই পেসার জাইডেন সিলস ও শামার জোসেফদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। সফরকারীদের পেসারদের বিপক্ষে বুঝেশুনে কিছুটা ধীরগতির শুরু এনেছিলেন দুই ওপেনার তামিম ও সাদমান। তবে দলীয় ৯ রানের মাথায় জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন  তামিম। 

তবে শুরুর সেই চাপ সামলে এই মুহূর্তে তিনে নামা মুমিনুলকে নিয়ে বেশ ভালোভাবেই এগোতে থাকেন আগের ওপেনার সাদমান। জুটিও ছাড়িয়ে যায় পঞ্চাশ রানে। আর এই ইনিংসের মধ্যেই প্রথম শ্রেণির ক্রিকেটে মুমিনুলের রান ছাড়ায় ১১ হাজারের বেশি। যা বাংলাদেশের হয়ে তৃতীয় কোনো ক্রিকেটারের কীর্তি। তবে সেই মুহূর্ত আর খুব একটা রঙিন করতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। 

উইন্ডিজ কাপ্তান রস্টন চেজ নিজেকে ছাড়াও জাস্টিন গ্রিভস ও জশুয়া বিশপদেরও দ্রুত স্পেলে আনেন এই জুটি থামাতে। শেষ পর্যন্ত নিজের প্রথম ওভারেই সফল হন ওয়ারিকান। সেই ওভারের দ্বিতীয় বলেই মিড অফ দিয়ে মারতে গিয়ে শামার জোসেফের হাতে ক্যাচ দিতে ফেরেন মুমিনুল। এতে থামে দ্বিতীয় উইকেটে সাদমানের সাথে তার ৫৯ রানের জুটি। 

এর আগে টসে জিতে মিরপুর টেস্টে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে ম্যাচের ঠিক আগের দিন অনুশীলনে আঙুলে চোট পাওয়ায় একাদশের বাইরে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবে ফিট হয়ে দলের ফিরেছেন লিটন দাস, আর মুশফিকের বদলে একাদশে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়।