মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগমুহূর্তে অনুশীলনের সময় নেট বোলারের একটি বাউন্সারে ডান হাতের তর্জনীতে মারাত্মক আঘাত পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দলের সবচেয়ে নির্ভরযোগ্য একজন ব্যাটারের এমন চোট টিম ম্যানেজমেন্টের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে।
মিরপুরের একাডেমি মাঠে সেদিন নেটে ব্যাটিং ঝালিয়ে নেওয়ার সময় এই অনভিপ্রেত ঘটনাটি ঘটে। বাউন্সারটি এসে সরাসরি আঘাত করে মুশফিকের আঙুলে, যার তীব্র ব্যথায় সঙ্গে সঙ্গেই নেটের পাশে বসে পড়তে বাধ্য হন তিনি। দীর্ঘ সময় ব্যথায় কাতরানোর পর জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলামের তত্ত্বাবধানে তার প্রাথমিক শুশ্রুষা চলে।
আঙুলে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে গেলেও তার এই চোট কতটা গুরুতর, তা নিয়ে তখনো ধোঁয়াশা বজায় ছিল। তবে দলের বিপদের এই মুহূর্তে আশার আলো হয়ে আছেন লিটন দাস। ত্রিদেশীয় সিরিজের ইনজুরি কাটিয়ে ফেরা লিটনকে অনুশীলনে নেটে পুরোদমে কিপিং ও ব্যাটিং করতে দেখা গেছে, যা কিছুটা স্বস্তি দিচ্ছে কোচিং প্যানেলকে।
ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুশফিকের চোট ও লিটনের খেলা নিয়ে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরিষ্কার বার্তা দিয়েছেন। লিটনের ফিটনেস প্রসঙ্গে শান্ত বলেন, ‘লিটন সকালেও ফিটনেস নিয়ে কাজ করেছে। এখনও ভালো আছে। ফিজিও-ট্রেনার এখনও রিপোর্ট দেয়নি। সব ঠিকঠাক থাকলে খেলবে। এখনও শতভাগ রিপোর্ট পাইনি। যদিও প্র্যাকটিসে ব্যাটিং-কিপিং সবই করেছে।’
অন্যদিকে মুশফিকের ইনজুরির আপডেট নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘এখন পর্যন্ত ঠিক আছে। এমন কিছু শুনিনি যে খেলতে পারবে না।’
আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা টেস্ট। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
টেস্টের উন্নতি নিয়ে সন্তুষ্ট নন শান্ত