ঝালকাঠিতে ঘনচিনি দিয়ে আইসক্রিম তৈরি, জরিমানা ৫০ হাজার

ঝালকাঠির নলছিটিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘনচিনি ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুরের বটতলা বাজারসংলগ্ন মিঠাই মিল্ক আইসবার ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, আইসক্রিম তৈরিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘনচিনি ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে জরিমানার অর্থ আদায় করা হয়।

জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথাও জানান ভোক্তা অধিকারের এই কর্মকর্তা। এ সময় 
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।