ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষার অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় জেলা মৎস্য বিভাগের কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে উপজেলার কুমারখালীর জাঙ্গালিয়া-সংলগ্ন নদী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় জেলেদের ১২টি ইঞ্জিনচালিত নৌকায় অর্ধশতাধিক লোক এসে রামদা ও লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালায়।
জেলা মৎস্য অফিস জানায়, রাত থেকে জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালানো হয়। ভোররাতে নলছিটি অংশে অভিযান শেষে ফেরার পথে ১২ থেকে ১৫টি নৌকায় করে এসে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে হামলা চালায়। এতে জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে আহত হন।
আহত অন্যরা হলেন, তিন আনসার সদস্য, নৌকার মাঝি, চালক ও অফিস সহায়ক। পরে তাদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক অভিযোগ করেন, হামলাকারীরা চালক ও মাঝিদের মারধর করেন এবং রামদা দেখিয়ে ভবিষ্যতে অভিযানে সহযোগিতা না করার হুমকি দেন। এমনকি মাঝিদের কান ধরে ওঠবসও করানো হয়েছে বলেও অভিযোগ করেন মৎস্য কর্মকর্তা।
ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালানোর সময় মৎস্য বিভাগের সদস্যদের ওপর এ হামলার ঘটনায় নদীতে অভিযান পরিচালনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এই ঘটনায় আমাদের অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের প্রস্তুতি নিয়েছে মৎস্য বিভাগ।
দুমকিতে মৎস্য বিভাগের টিমের ওপর জেলেদের হামলা