সন্ত্রাস বিরোধী মামলা: দিলীপ কুমার আগরওয়ালাকে  গ্রেপ্তার  বিষয়ে আদেশ কাল   

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে আদেশ দেবেন আদালত। আগামীকাল বৃহস্পতিবার এ আদেশ দেওয়া হবে।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদ উভয় পক্ষের শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিলীপ কুমার আগরওয়ালার আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, ঘটনার সময় দিলীপ কুমার আগরওয়ালা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় তিনি কিছুই জানেন না।

গত মঙ্গলবার দুই মামলায় সাত দিনের রিমান্ড শেষে দিলীপ কুমার আগরওয়ালাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন সোনা ও হীরা চোরাচালান এবং অর্থ পাচারের মামলায় তাঁকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর গত বুধবার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা আ. জব্বার হত্যা চেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। চার দিনের রিমান্ড শেষে রোববার তাঁকে আবারও দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।

সন্ত্রাসবিরোধী আইনের মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ১৮ জুন মহাখালী টার্মিনালের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। মামলায় দিলীপ কুমার আগরওয়ালাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, ফ্যাসিবাদ কায়েমের জন্য তিনি অর্থের জোগান দিয়েছেন এবং ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।