জাতীয় সাঁতারের প্রথম দিন ৬ রেকর্ড

জাতীয় সাঁতারের প্রথম দিনেই সাঁতার ও ডাইভিংয়ে ছয়টি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন প্রতিযোগীরা। দিনের শেষে ৯  স্বর্ণসহ মোট ১৮টি পদক নিয়ে পদক তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

গতকাল বুধবার মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে ৫৭২ সাঁতারু নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা।  প্রথম দিনেই দুটি জাতীয় রেকর্ড গড়ে আলোচনায় এসেছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু কাজল মিয়া। পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইলে তিনি ১ মিনিট ৫৪.৫৫ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এ ইভেন্টে তার আগের রেকর্ড ছিল ১ মিনিট ৫৫.০৬ সেকেন্ড, যা তিনি ২০২৫ সালে গড়েছিলেন। এ ছাড়া পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি ২৫.৮১ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। এ ইভেন্টে তার আগের রেকর্ড ছিল ২৬.০৫ সেকেন্ড, যা ২০২৫ সালে গড়েছিলেন তিনি।

নারীদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বাংলাদেশ সেনাবাহিনীর ইরফানা খাতুন ১ মিনিট ১৭.৩৬ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। এ ইভেন্টে আগের রেকর্ডটি ছিল সেনাবাহিনীর রোমানা আক্তারের, ২০২৪ সালে গড়া ১ মিনিট ১৮.২৭ সেকেন্ড। রিলেতেও নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ নৌবাহিনী। পুরুষদের ৪ গুনিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সামিউল ইসলাম রাফি, মো. ইসলাম, মো. আসিফ রেজা ও কাজল মিয়ার সমন্বয়ে গড়া নৌবাহিনী দল ৩ মিনিট ৩০.৩৭ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড স্থাপন করেন। আগের রেকর্ড ছিল ৩ মিনিট ৩২.১৮ সেকেন্ড, যা নৌবাহিনী দল ২০২৫ সালে গড়েছিল। নারীদের ৪ গুনিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও রেকর্ড গড়েছে নৌবাহিনী। ফাতিহা মাহতাব মাইশা, পলি খাতুন, মোছা. মুক্তা খাতুন ও সোনিয়া আক্তারের দল ৪ মিনিট ২৪.২০ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে। এ ইভেন্টে আগের রেকর্ড ছিল ৪ মিনিট ২৫.৫৫ সেকেন্ড, যা ২০২৫ সালে নৌবাহিনী দল গড়েছিল।

ডাইভিংয়ে নারীদের এক মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনীর অর্পা দাস ১১৯.৯৫ পয়েন্ট অর্জন করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। এ  ইভেন্টে আগের রেকর্ড ছিল বিকেএসপির নন্দিনী পাহানের ১০৯.৩ পয়েন্ট। দিনশেষে পদক তালিকায় বাংলাদেশ নৌবাহিনী ৯ স্বর্ণ, ৪ রৌপ্য ও ৫টি ব্রোঞ্জপদক নিয়ে শীর্ষে রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ৩ স্বর্ণ, ৭ রৌপ্য ও ৫টি ব্রোঞ্জপদক নিয়ে দ্বিতীয় স্থানে আছে। বিকেএসপি পেয়েছে একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জপদক।