গতকাল বুধবার দিনটি দুর্দান্ত হতে পারত বাংলাদেশের জন্য, কিন্তু হয়নি। তিন ইভেন্টের ফাইনালের মধ্যে একটিতে জিততে পেরেছে দল। তবে এশিয়া কাপ আরচারিতে ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টে (স্টেজ-২) এদিন একটি সোনা এবং দুটি করে রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে পাঁচ পদক জয়ের আনন্দও সঙ্গী হয়েছে তাদের। ইরাকের সোলাইমানিয়াহতে বুধবার মোট পাঁচ ইভেন্টের পদকের লড়াই হয়েছে। দিনের শুরুতে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে ২৩০-২২৪ স্কোরে হেরে যায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছাড়, তরিকুল ইসলাম ও নওয়াজ রাকিব।
ছেলেরা ব্যর্থ হলেও কম্পাউন্ড নারী দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে সোনা জয়ের উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ। ফাইনালে চারটি এন্ডের প্রতিটিতেই কাজাখস্তানের চেয়ে বেশি পয়েন্ট পেয়েছেন তারা। শেষ পর্যন্ত ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে গলায় পরেছেন সোনার পদক। প্রথম এন্ডে বাংলাদেশ পায় ৫৭ পয়েন্ট, কাজাখস্তান ৫৫। দ্বিতীয় এন্ডে বাংলাদেশের ৫৭ পয়েন্টের বিপরীতে কাজাখস্তান পায় ৫২। তৃতীয় এন্ডেও ব্যবধান বাড়ান বাংলাদেশের মেয়েরা। এবার তারা পান ৫৮ পয়েন্ট, কাজাখস্তান ৫৬। চতুর্থ ও শেষ এন্ডে বাংলাদেশ আরও ৫৮ পয়েন্ট যোগ করে। কাজাখস্তান পায় ৫৭ পয়েন্ট। সব মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৩০ পয়েন্ট।
কাজাখস্তানের ২২০। চারটি এন্ডেই এগিয়ে থেকে সোনা জেতেন বন্যা, মনি ও শ্রীপর্ণা।
এরপর কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগের ফাইনালে কাজাখস্তানের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে হেরেছেন বন্যা ও রাকিব। প্রথম, তৃতীয় ও চতুর্থ এন্ডে তারা স্কোর করেন ৩৮, ৩৭ ও ৩৮। কিন্তু দ্বিতীয়টিতে একট শট মিস টার্গেট হলে ১০ পয়েন্টে পিছিয়ে পড়ে। মূলত এই ব্যর্থতাতেই শেষপর্যন্ত ১৪২-১৫৩ পয়েন্টে হেরে যান তারা।
কম্পাউন্ড পুরুষ এককের ব্রোঞ্জের লড়াইয়ে নামেন দুই সতীর্থ নেওয়াজ আহমেদ রাকিব ও তরিকুল ইসলাম। সেখানে ১৪৫-১৩৯ স্কোরে জিতেন রাকিব। এই ইভেন্টের মেয়েদের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে কাজাখস্তানের আর্চারকে ১৪৩-১৩৯ স্কোরে হারান কুলসুম আক্তার মনি।
আজ আরও তিনটি স্বর্ণপদকের লড়াই : আজ বাংলাদেশের তীরন্দাজরা আরও তিনটি স্বর্ণপদকের জন্য লড়বে। পুরুষদের রিকার্ভের দলীয় সোনার জন্য কাজাখস্তানের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন আব্দুর রহমান আলিফা, সাগর ইসলাম ও আব্দুল্লাহ রাফি। মেয়েদের রিকার্ভের একক ইভেন্টে সায়মা সালাহ উদ্দিন ইরানের মবিনা ফাল্লাহর সঙ্গে লড়বেন স্বর্ণপদকের জন্য। আর মেয়েদের কম্পাউন্ডের একক ইভেন্টের স্বর্ণপদকের জন্য কাজাখ তীরন্দাজের সঙ্গে লড়বেন বন্যা আক্তার।