ভুটানকে হারাতে চান ডুলি

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ এএম

সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের পথে এগিয়ে যেতে প্রথম ম্যাচেই ভুটানকে হারাতে চায় বাংলাদেশ। আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই ভুটানের মুখোমুখি হবেন স্বাগতিকরা। এর আগে জাতীয় দলের কোচ টমাস ডুলি জানিয়েছেন, সামাজিক  মাধ্যমের সমালোচনা খেলোয়াড়দের প্রভাবিত করলেও তিনি শিষ্যদের ওপর পূর্ণ আস্থা রাখেন।

গতকাল বুধবার জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলনের তৃতীয় দিনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ডুলি। হামজা চৌধুরীকে ছাড়া ভুটানের বিপক্ষে বাংলাদেশ জিততে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই পারব। আমি আমার খেলোয়াড়দের ওপর পূর্ণ বিশ্বাস রাখি।’

সামাজিক মাধ্যমের সমালোচনা ফুটবলারদের প্রভাবিত করে কি না, জানতে চাইলে ডুলি বলেন, ‘অবশ্যই। আমরা সবাই জিততে চাই। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। মানুষ মাত্রই ভুল হতে পারে। দলের মধ্যে ইতিবাচক পরিবেশ বজায় রাখা সবচেয়ে জরুরি, যেন খেলোয়াড়রা তাদের পরিবার, সমর্থক ও দেশের জন্য সেরাটা দিতে পারে। আমরা সবাই একসঙ্গে কাজ করলে অবশ্যই সাফল্য আসবে।’ তাই বলে ভুটানকে সহজ প্রতিপক্ষ ভাবছেন না বাংলাদেশের কোচ। তার মতে, প্রতিটি প্রতিপক্ষকে গুরুত্ব দিয়ে নিজেদের সেরাটা খেলতে হবে। চাপের মধ্যে খেলোয়াড়দের ভুল হতে পারে উল্লেখ করে ডুলি মনে করেন, তাদের আত্মবিশ্বাস ধরে রাখতে ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

এদিকে দলের অনুশীলনে যোগ দিয়েছেন তাজউদ্দীন ও আবদুল্লাহ ওমর সজিব। খেলোয়াড় সংখ্যা সীমিত এবং কয়েকজনের চোটের সমস্যা থাকায় বিকল্প প্রস্তুতি রাখতেই তাদের ডাকা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত