মুন্সীগঞ্জে ৬ বছরের শিশুকে  হত্যা, বাবাকে কুপিয়ে জখম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে তওবা নামে ছয় বছরের এক শিশুকে হত্যা করে লাশ পরিত্যক্ত জমিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা গোলাপ হোসেনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তিনি ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকস ইটভাটার কাছে পরিত্যক্ত জমি থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপ হোসেনের বাড়ি রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে একই ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন। তার বাবা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করছেন।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫ টার দিকে দাদার সঙ্গে দেখা করে ফেরার পথে তওবা ও তার বাবার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় শিশুটিকে হত্যা করে ইটভাটার কাছে একটি পরিত্যক্ত জমিতে লাশ ফেলে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। একই ঘটনায় গোলাপ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, কী কারণে ঘটনাটি ঘটেছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। পরে বিস্তারিত জানানো হবে।