পদ্মা সেতুর টোল প্লাজায় বুথ থেকে টাকা চুরির চেষ্টা, আটক ২

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০০ এএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজার বুথ থেকে টাকা চুরির চেষ্টার সময় দুই যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন— মো. সোহান (২৪) ও মো. ইসমাইল (৩০)। তাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলা সদরে।

সেতু কর্তৃপক্ষ জানায়, দুপুর দেড়টার দিকে ওই দুই যুবক টোল প্লাজার পূর্ব-দক্ষিণ পাশের তারের ব্যারিকেডের নিচ দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় একজন টোল বুথের ড্রয়ার থেকে টাকা চুরির চেষ্টা চালান এবং অপরজন বাইরে থেকে পাহারা দিচ্ছিলেন। বিষয়টি কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের নজরে এলে তারা এগিয়ে যান এবং পালানোর চেষ্টার সময় দুজনকে ধরে ফেলেন। পরবর্তীতে সিসিটিভি ফুটেজেও তাদের চুরির চেষ্টার দৃশ্য ধরা পড়ে।

এ ঘটনায় বুধবার রাতে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার ম্যানেজার কামরুল হাসান তানভীর বাদী হয়ে পদ্মা সেতু উত্তর থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত