পাবনার আতাইকুলা থানা এলাকায় রিপন হোসেন (৪০) নামের এক বিএনপি নেতা ও আব্দুস সালাম (৫০) নামের এক হাটের ইজারাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে সদর উপজেলার আতাইকুলা থানা এলাকার পুষ্পপাড়া হাটের মধ্যেই এ ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন আতাইকুলা থানার ধর্মগ্রামের মৃত ওমেদ আলীর ছেলে এবং পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি। আব্দুস সালাম একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। তিনি পুষ্পপাড়া হাটের ইজারাদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পুষ্পপাড়া হাটের খাজনা আদায় শেষে সন্ধ্যায় হাটের ইজারাদারের কক্ষে বসে মিটিং করছিলেন তাঁরা। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। পরে দ্রুত উদ্ধার করে তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানিয়েছেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।