পাবনায় সড়ক দুর্ঘটনায় রোমান (২৪) নামে সরকারি এডওয়ার্ড কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে জালালপুর এলাকার রত্নদ্বীপ রিসোর্টের সামনে রিকশা করে যাওয়ার সময় হিমেল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রোমান পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাকিমপুর গ্রামের শামসুর রহমানের ছেলে। তিনি সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।
মাধপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) শহিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা শহর বা বাস টার্মিনাল থেকে এক নারী যাত্রীকে সঙ্গে নিয়ে রিকশায় চড়ে মহাসড়ক ধরে যাচ্ছিলেন রোমান। রিকশাটি জালালপুরের রত্নদ্বীপ রিসোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী ‘হিমেল পরিবহন’-এর একটি বাস সেটিকে সরাসরি সামনে থেকে ধাক্কা দেয়। এতে রোমান ছিটকে বাসের সামনে পড়ে যান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, রোমান ছিটকে পড়ার পর স্থানীরা বাসের চালককে গাড়ি থামাতে চাপ দিলেও তিনি তা শোনেননি। চালক রোমানের মাথার ওপর দিয়েই গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে তার মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় রিকশায় থাকা আহত নারী যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয়রা ধাওয়া দিয়ে ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন। মাধপুর হাইওয়ে পুলিশের ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে সে বিষয়ে অনুসন্ধান চলছে। আটক বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।