শেষ বলের নাটকে হার দিয়ে শুরু বাংলাদেশের

হংকং সিক্সেসের সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াইয়ে জয় দিয়ে মিশন শুরু করতে পারল না বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু ও লড়াইয়ের পরও শেষ বলের নাটকীয়তায় হেরে মাঠ ছাড়তে হয়েছে সাব্বির-সোহানদের। হাবিবুর রহমান সোহান ও মৃত্যুঞ্জয়ের চৌধুরির ঝড়ো ব্যাটিংয়ে ৬ ওভারে ৯৪ রানের বড় পুঁজি পাওয়ার পরও ফিনলে ম্যাকক্রিথের একক নৈপুণ্য শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

স্কটল্যান্ড টস জিতে ফিল্ডিং বেছে নেওয়ার পর ওপেনিংয়ে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নিজের উদ্দেশ্য পরিষ্কার করে দেন সোহান। এক বল বাদে স্ট্রাইকে গিয়ে সাব্বির রহমানও হাঁকান ছক্কা। প্রথম ওভারেই ২৬ রান তুলে স্কটিশ শিবিরকে কাঁপিয়ে দেন এই দুই ব্যাটার। 

তবে ৬ বলে ৪ ছক্কায় ২৫ রানের ঝড়ো ইনিংস খেলে সোহান বিদায় নেওয়ার পর সাব্বিরও বেশিক্ষণ টিকতে পারেননি। পরপর দুই উইকেট হারিয়ে হঠাৎ করেই খাদের কিনারায় পড়ে যায় দল। মাঝের ওভারগুলোতে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আহরার আমিনরা থিতু হতে না পারায় রান তোলার গতিও অনেকটাই কমে যায়।

তবে সেই বিপর্যয় কাটিয়ে দলকে বড় সংগ্রহের পথ দেখান অধিনায়ক আবু হায়দার রনি ও মৃত্যুঞ্জয়। রনি ৯ বলে ২৫ রানের ইনিংস খেলার পর মৃত্যুঞ্জয় শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৬ বলে ২১ রানের দুর্দান্ত এক ক্যামিও খেলেন। তাদের এই দৃঢ়তায় নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে স্কটল্যান্ড। প্রথম ওভারে ১৯ রান আসলেও পরের ওভারের প্রথম চার বল থেকে কোনো রান নিতে পারেনি তারা। কিন্তু এরপরই ম্যাচের চিত্র পাল্টে দেন ওপেনার ফিনলে ম্যাকক্রিথ। একপ্রান্ত আগলে রেখে রীতিমতো তাণ্ডব চালিয়ে মাত্র ১৯ বলে ৫২ রান তুলে ফেলেন এই স্কটিশ ব্যাটার। হংকং সিক্সেসের বিশেষ নিয়ম অনুযায়ী ফিফটি করার পর তাকে মাঠ ছাড়তে হলেও স্কটল্যান্ডের বুদ্ধিদীপ্ত কৌশল ম্যাচের ভাগ্য বদলে দেয়। পরবর্তী ব্যাটারদের ‘রিটায়ার্ড আউট’ করিয়ে ম্যাকক্রিথকে পুনরায় ক্রিজে ফিরিয়ে আনে তারা।

ম্যাচের শেষ বলে জয়ের জন্য স্কটল্যান্ডের প্রয়োজন ছিল ৪ রান। টানটান উত্তেজনার সেই মুহূর্তে জার্ভিস বিশাল এক ছক্কা হাঁকিয়ে স্কটিশদের জয় নিশ্চিত করেন।

টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটিও আজকেই। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টা ২০ মিনিটে।