মুন্সীগঞ্জের সিরাজদীখানে শিশু কন্যা ও বাবা হত্যার ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে আটক প্রতিবেশি সোহরাব বেপারীকে (৬০) প্রধান অভিযুক্ত করে সিরাজদীখান থানায় মামলা দায়ের করেন নিহত গোলাপ হোসেনের বাবা জয়নাল মিয়া।
এছাড়া মামলায় আমির হোসেন মাতবর (৬২) নামে এক কুয়েত প্রবাসীসহ অজ্ঞাতনামা আরো ১২-১৩ জনকে আসামী করা হয়েছে। প্রধান আসামী সোহরাব উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের খলিূর রহমানের ছেলে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে মামলাটি রুজু করা হয়। এ মামলার প্রধান আসামী সোহরাব পুলিশের হেফাজতে রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে, বুধবার (২৮ অক্টোবর) রাতে জেলার সিরাজদীখান উপজেলার পাথরঘাটা এলাকায় পৌঁছলে একদল মুখোশধারী দুর্বৃত্ত হামলা চালিয়ে ছয় বছরের মেয়ে তোয়াবাকে গলা কেটে হত্যা করে ফেলে যায়। এ সময় তার বাবা গোলাপ হোসেনকে (৩৬) ধারালো অস্ত্রে আঘাত ও জোরপূর্বক বিষ পান করায়।
পরদিন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকসের ইটভাটার কাছের একটি পরিত্যক্ত জমি থেকে ছয় বছরের মেয়ে তোয়াবার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিন বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা বাবা গোলাপ হোসেনও।