দুবৃর্ত্তের কোপে কন্যা শিশু নিহতের পর মারা গেলেন আহত বাবাও

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৯ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ছয় বছরের শিশু কন্যা নিহত হওয়ার পর আহত বাবা গোলাপ হোসেন মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলাউদ্দিন তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন।

মৃত গোলাপ হোসেন (৩৮) উপজেলার রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে একই ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

এর আগে এদিন বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টায় সিরাজদীখান উপজেলার রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকস ইটভাটার কাছে পরিত্যক্ত জমি থেকে কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে ছয় বছরের কন্যা শিশুকে নিয়ে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় বাবার সঙ্গে দেখা করেতে যান গোলাপ হোসেন। এরপর ফেরার পথে বাবা ও কন্যা শিশুর ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এসময় কন্যা শিশু ও তার বাবাকে কোপানো হয়। পরে বাবা গোলাপ হোসেনকে প্রথমে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত