২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে আজ শনিবার। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বেলা ১১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। এর মধ্য দিয়ে সাড়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষা ও ফল নিয়ে দুশ্চিন্তার অবসান হতে যাচ্ছে।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
ফলপ্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নির্ধারিত ফলপ্রকাশের মাধ্যমে ফল জানতে পারবেন। ফল প্রত্যাশা অনুযায়ী না হলে পুনর্নিরীক্ষণের সুযোগও থাকবে।
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষাবোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরে তা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই প্রত্যাশিত ফল নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। আজ সেই অপেক্ষার অবসান ঘটবে। প্রকাশিত ফলে জানা যাবে, কতসংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, কতজন জিপিএ-৫ পেয়েছেন এবং কোন শিক্ষা বোর্ডের ফল কেমন হয়েছে।
তবে এইচএসসি পরীক্ষার ফলপ্রকাশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলেও শুরু হবে নতুন অধ্যায়। কাক্সিক্ষত বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ কিংবা অন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আসন নিশ্চিত করতে তাদের নামতে হবে নতুন প্রতিযোগিতায়। বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে সীমিত আসনের বিপরীতে বিপুলসংখ্যক শিক্ষার্থীর প্রতিযোগিতা শিক্ষার্থীদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।