আন্ডারপাসে পড়ে ছিল যুবকের ছিন্নভিন্ন মরদেহ

গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কের আন্ডারপাসের ওপর থেকে অজ্ঞাত এক যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে খাড়াজোড়া এলাকার ফ্লাইওভারের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসীর বরাতে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় আন্ডারপাসের ওপর এক যুবকের মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে নাওজোড় হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছায়। এসময় তার শরীরের বিভিন্ন অংশ ছিন্ন ভিন্ন অবস্থায় আন্ডারপাসের ওপর পড়েছিল। পরে ওই আন্ডারপাসের ওপর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবের পরিচয় পাওয়া যায়নি। নিহতের পড়নে ছিল কালো রঙের টি শার্ট ও লুঙ্গী।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় অজ্ঞাত গাড়ির চাপায় তিনি নিহত হন। তবে এটা সড়ক দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা। সে বিষয়ে তদন্তের পর বলা যাবে বলে জানান তিনি।