কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নিজ ঘর থেকে তুলে নিয়ে মারধর করে মো. আয়াস (২২) নামের এক রোহিঙ্গাকে হত্যার অভিযোগ উঠেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের বিরুদ্ধে।
নিহত আয়াস রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য ছিলেন। এ ঘটনায় ছৈয়দ মোহাম্মদ (২৪) নামের আরেক আরএসও সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আয়াস ১৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা করিম উল্লাহর ছেলে। আহত ছৈয়দ মোহাম্মদ একই ক্যাম্পের ফকির আহমেদের ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, পরিবারের সদস্য ও সাধারণ রোহিঙ্গাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে আয়াস ও ছৈয়দ মোহাম্মদকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে মারধর করেন আরসার সদস্যরা। এতে ঘটনাস্থলেই আয়াসের মৃত্যু হয়। আহত ছৈয়দ মোহাম্মদকে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিয়াজ উদ্দিন আহমেদ আরও বলেন, প্রাথমিকভাবে আরসার সদস্য মো. সলিম, নজিম উল্লাহ, ফয়সাল, আকরাম ও হানিফসহ কয়েকজন এ ঘটনায় জড়িত বলে তথ্য পাওয়া গেছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইতালির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪