একই দিনে ডেঙ্গু ও হামে সর্বনিম্ন মৃত্যু

একই দিনে ডেঙ্গু ও হামের উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এই সময়ে রোগ দুটিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬২০ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৬০৪ জন। এছাড়া চট্টগ্রামে ২৮১, বরিশালে ২৩৪, খুলনায় ২২৮, রাজশাহীতে ১৪৯, ময়মনসিংহে ৭০ ও রংপুরে ৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ ভর্তি হয়নি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া একমাত্র ব্যক্তি খুলনা বিভাগের।

ডেঙ্গু-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সারা দেশে একজনের মৃত্যু এবং নতুন ১ হাজার ৬৩৩ জনের ভর্তির তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪১৯ জনের মৃত্যু হয়েছে; আক্রান্ত দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ২৩৬ জন।

অন্যদিকে, হাম-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে– রোগটির উপসর্গ নিয়ে নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৯৭ জনের নিশ্চিত সংক্রমণসহ ৯৮৭ জনের উপসর্গ শনাক্ত হয়েছে। 

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫২ জনে (নিশ্চিত হামে ১০৫ ও উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৭ জন)। এই সময়ে মোট ২ লাখ ২৮ হাজার ৬৬০ জন সন্দেহজনক আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৫ হাজার ৮৮ জন।