বোলারদের দাপটের দিনে দুই সেঞ্চুরি

২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিনে বোলারদের দাপটের মধ্যেও দুটি সেঞ্চুরি হয়েছে। গতকাল খুলনার হয়ে শতক হাঁকান মোহাম্মদ মিঠুন ও নুরুল হাসান সোহান। শতকের অপেক্ষায় আছেন রাজশাহীর মেহেরব হোসেন। মাঠ ভেজা থাকার কারণে একটি ম্যাচ শুরু হয়নি। অন্য তিন ম্যাচে সব মিলিয়ে উইকেট পড়েছে ২৬টি।

খুলনায় টস জিতে ব্যাট করতে নেমে ময়মনসিংহের বিপক্ষে ৮ উইকেটে ২৮০ রান করেন স্বাগতিকরা। ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েন তারা। একটু পর আফিফ হোসেনও বিদায় নেন। সেখান থেকে হাল ধরেন মিঠুন-সোহান। পঞ্চম উইকেট জুটিতে দুজন যোগ করেন ১৬৭ রান। মিঠুন ১৬৯ বলে ১২ চার ও এক ছক্কায় ১১৯ রান করেন। সোহান ১৮০ বলে ৯ চারে ১০৪ রান করে অপরাজিত আছেন। এ ছাড়া দলটির আর কোনো ব্যাটসম্যান ২০ রানের গ-ি টপকাতে পারেননি। ময়মনসিংহের হয়ে ইয়াসিন আরাফাত ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন। চট্টগ্রামে স্বাগতিকদের বোলিং তোপে ২১৮ রানে অলআউট হয় সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন আশরাফুল হাসান। মুবিন আহমেদ দিশান করেন ২৯ রান। চট্টগ্রামের হয়ে হাসান মুরাদ ৪ উইকেট পান। এ ছাড়া সঞ্জিত মজুমদার ও মোহাম্মদ রুবেল ২টি করে উইকেট নেন। এরপর ব্যাট করতে নেমে ১৫ ওভারে ১ উইকেটে ৬৪ রান তুলেছে চট্টগ্রাম। সাদিকুর রহমান ২৮ রান করে আউট হন। মাহমুদুল হাসান জয় ৩৫ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করবেন।

এদিকে রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৯ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান তুলেছে রাজশাহী। দলের হয়ে ১৩২ বলে ১৩ চারে ৮২ রান করে অপরাজিত আছেন মেহেরব। তার সঙ্গে নিহাদউজ্জামান আজ ২৮ রানে ব্যাট করতে নামবেন। রংপুরের হয়ে মেহেদী হাসান ৩ উইকেট নেন। পঞ্চম রাউন্ডের অন্য ম্যাচটি মাঠ অনুপযুক্ত থাকার কারণে শুরু হয়নি। টস না করেই হোটেলে ফেরেন ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগের ক্রিকেটাররা।