অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলোতে নকল পণ্য বিক্রি, খাদ্য তৈরিতে নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়া গেছে।

রবিবার (১ নভেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অভিযান সূত্রে জানা যায়, নিউ খাজা আজমির স্টোরে নকল ডানো ক্রিম বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি খাদ্য প্রস্তুতে নিষিদ্ধ কেমিক্যাল কেওড়া জল ও গোলাপজল ব্যবহার এবং বিক্রির অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

1000290383

অন্যদিকে, মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টে খাবার তৈরিতে ক্ষতিকর কেমিক্যাল রং ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটির ভেতরে চরম অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি খাদ্যদ্রব্যে তেলাপোকার অবাধ বিচরণ দেখতে পান অভিযানকারীরা। এসব গুরুতর অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মাবিয়া বেকারিতে মেয়াদোত্তীর্ণ কিংবা মেয়াদের তথ্য উল্লেখ না করে পণ্য মোড়কজাত করে বাজারে সরবরাহ করা হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, আতুরার ডিপো সংলগ্ন এলাকায় তদারকি চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ রক্ষা এবং ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।