বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
রবিবার (১ নভেম্বর) ৬৮ মিটার দীর্ঘ জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে ভেড়ে। এ সময় সফরকারী প্রতিনিধিদল ও জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোইটকে স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মীর মো. মাহবুবুল হাসান।
এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী সামরিক রীতিতে বাদ্য পরিবেশনের মাধ্যমে সফরকারী জাহাজটিকে বরণ করে নেয়।
সফরকালে মার্কিন প্রতিনিধিদল কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল মোস্তাক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আগামীকাল সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামে স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিকসের (এসএমডব্লিউটি) মিলনায়তনে কারাত-২০২৬ মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
মহড়ায় যুক্তরাষ্ট্রের ‘ইউএসএস ওয়ারিয়র’ যুদ্ধজাহাজের পাশাপাশি পি-৮এ উড়োজাহাজ অংশ নেবে। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, ঘাঁটি, নেভাল এভিয়েশন ও সোয়াডস কমান্ডের বিভিন্ন ইউনিটও মহড়ায় অংশগ্রহণ করবে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা জোরদার, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এ যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে। মহড়ার বিভিন্ন কার্যক্রম শেষে আগামী ৫ নভেম্বর মার্কিন যুদ্ধজাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে।