অসমাপ্তই থেকে গেল অ্যাঞ্জেলিনা জোলির ‘ক্লিওপেট্রা’

হলিউডের বিখ্যাত পরিচালক মার্টিন স্করসেসি ও অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির স্বপ্নের প্রজেক্ট ‘ক্লিওপেট্রা’ সিনেমাটি শেষ পর্যন্ত অসমাপ্তই থেকে গেছে এবং এটি আর আলোর মুখ দেখছে না।

সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে পরিচালক স্করসেসি নিজেই এই মেগা প্রজেক্টটি বাতিলের কথা জানিয়েছেন।

সাক্ষাৎকারে মার্টিন স্করসেসি বাতিলের বিষয়ে উল্লেখ করছেন যে তিনি অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়ে ‘ক্লিওপেট্রা’ সিনেমাটি বানানোর খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। কিন্তু ২০১৪ সালে সনি পিকচার্সের ইমেইল হ্যাকিংয়ের ঘটনার পর প্রকল্পটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। ওই সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে তৈরি করা ‘দ্য ইন্টারভিউ’ সিনেমাকে কেন্দ্র করে বড় ধরনের বিতর্ক ও হ্যাকিংয়ের কবলে পড়েছিল স্টুডিওটি। এর প্রভাবেই ‘ক্লিওপেট্রা’ নির্মাণের পরিকল্পনা ভেস্তে যায়। খবর ইয়াহু এন্টারটেইনমেন্ট

ব্রায়ান হেলগেল্যান্ড এবং এরিক রথের মতো চিত্রনাট্যকাররা এই ছবির কাজ করেছিলেন। এটি কেবল প্রথাগত গ্ল্যামার বা প্রেমের গল্প না হয়ে হত্যা ও রাজনৈতিক ষড়যন্ত্রনির্ভর একটি পলিটিক্যাল থ্রিলার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ছিল।

অ্যাঞ্জেলিনা জোলি একসময় জানিয়েছিলেন যে ক্লিওপেট্রার চরিত্রটি তার অভিনয় জীবনের অন্যতম স্বপ্নের প্রজেক্ট ছিল এবং এটি শেষ করেই তিনি অভিনয় থেকে পরিচালনায় পুরোপুরি মন দেওয়ার কথা ভেবেছিলেন। তবে শেষ পর্যন্ত সিনেমাটি আর কখনো বাস্তবে রূপায়িত হয়নি।