ফটিকছড়িতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত যুবক

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজীব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো ইসলামপুর রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব দাঁতমারা ইউনিয়নের সিকদারখিল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে। তিনি জানান, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সজীব নিহত হয়েছেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।