অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: চট্টগ্রামে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম
পোড়া তেল দিয়ে খাবার তৈরি, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল রাখা এবং তেলাপোকা ও ইঁদুরের বিষ্ঠা ছড়ানো অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের কারণে চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 
সোমবার (০২ নভেম্বর) চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো সংলগ্ন হাজিপাড়া এলাকায় তদারকি অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
 
অভিযান সূত্রে জানা যায়, ‘পাছাজিও ফুডস (ড্রিপ্স)’ নামের একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে পোড়া তেল ব্যবহার করে বিভিন্ন খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত করা হচ্ছিল। খাবার তৈরির স্থানে ঘুরে বেড়াচ্ছিল ইঁদুর ও তেলাপোকা। মিষ্টি তৈরির কাঁচামালে পড়ে ছিল চুল ও ইঁদুরের বিষ্ঠা। পাশাপাশি নকল চেরি ফল ব্যবহার এবং প্যাকেজিংয়ের ন্যূনতম নিয়ম না মেনে চরম নোংরা পরিবেশে পণ্য তৈরি হচ্ছিল প্রতিষ্ঠানটিতে। এসব মারাত্মক অনিয়মের দায়ে পাছাজিও ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
 
একই অভিযানে ‘ডক্টরস ডায়াগনস্টিক’ নামের একটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে ফ্রিজের ভেতর মেয়াদোত্তীর্ণ রিল এজেন্ট সংরক্ষণ করতে দেখা যায়। এতে চিকিৎসার সঠিক মান ও নির্ভুল পরীক্ষা ব্যাহত হওয়ার ঝুঁকি থাকায় ডায়াগনস্টিক সেন্টারটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর এসব অনিয়মের বিরুদ্ধে আমরা কোন ছাড় দেব না। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। আগামীতেও কঠোর তদারকি অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ সর্বাধিক পঠিত