জাতীয় যুব দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন, পৌরসভা ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ উদ্যোগ নেয়। অভিযানে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থানে ঝাড়ু দিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াদ হোসেন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় যুব দিবস উপলক্ষে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, সরকারি অফিস প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, প্রশিক্ষণ সমাপনী, উদ্যোক্তা ও আত্মকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং যুব ঋণের চেক বিতরণ।
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এসব কর্মসূচির মূল উদ্দেশ্য।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ বলেন, যুবসমাজ দেশের অন্যতম চালিকাশক্তি। দেশকে এগিয়ে নিতে দক্ষতা অর্জনের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ ও সচেতনতা জরুরি। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।