রিয়াল মাদ্রিদের নতুন ডিরেক্টর রাফায়েল নাদাল 

১৪টি ফ্রেঞ্চ ওপেনসহ ২২টি গ্র্যান্ড স্লাম জয় করা স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল এবার ভিন্ন এক ক্রীড়াজগতে শুরু করছেন এক নতুন অধ্যায়। শৈশব থেকেই রিয়াল মাদ্রিদের অন্তহীন ভক্ত ও ২০১৭ সাল থেকে ক্লাবটির সম্মানসূচক সদস্য হিসেবে থাকা ৪০ বছর বয়সী এই তারকা এবার যুক্ত হচ্ছেন গ্যালাকটিকোদের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে। 

স্প্যানিশ ও ইউরোপিয়ান পরাশক্তি রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন দুই বছর আগে পেশাদার টেনিসকে বিদায় জানানো এই ক্রীড়াতারকা।

লস ব্লাঙ্কোসদের পক্ষ থেকে নাদালকে এই নির্বাহী পদে নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন নাদাল। সেখানে শৈশবে রিয়াল মাদ্রিদের জার্সিপরা একটি আবেগঘন ছবি পোস্ট করে রাফায়েল নাদাল তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমাকে রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদের অংশ হওয়ার প্রস্তাব দেওয়ার জন্য সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবং পুরো বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। অত্যন্ত আগ্রহ ও রোমাঞ্চ নিয়ে আমি এই প্রস্তাব গ্রহণ করেছি; এখান থেকে নতুন অনেক কিছু শেখার এবং ক্লাবের জন্য আমার সাধ্যমতো সবকিছু উজাড় করে দেওয়ার তীব্র ইচ্ছা রয়েছে।’ 

২০২৪ সালে টেনিস ছাড়ার আগে রেকর্ড ১৪টি ফ্রেঞ্চ ওপেনসহ ২২টি মেজর শিরোপা, ৩৬টি মাস্টার্স ও দুটি অলিম্পিক সোনা জেতা নাদালকে ডিরেক্টরস বোর্ডে যুক্ত করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে রিয়াল কর্তৃপক্ষও। ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ক্লাবটির এক মুখপাত্র বলেন, ‘স্প্যানিশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম মডেল এবং অত্যন্ত উঁচু মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিত্ব রাফায়েল নাদালকে পরিচালনা পর্ষদে পাওয়া রিয়াল মাদ্রিদ এবং বিশ্বজুড়ে থাকা সমস্ত মাদ্রিদিস্তাদের জন্য দারুণ গর্বের বিষয়। ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ রূপরেখা তৈরিতে তিনি এই দায়িত্ব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’ 

বিবৃতিতে নাদালের সততা ও মানসিকতার প্রশংসা করে রিয়াল মুখপাত্র আরও যোগ করেন, ‘নাদাল এক কিংবদন্তিতুল্য ক্যারিয়ার গড়েছেন, তবে তাঁর পরিচয় কেবল সাফল্যেই সীমাবদ্ধ নয়। তাঁর প্রতিভা, ক্রমাগত নিজেকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছা, ত্যাগের মানসিকতা, বিনয় এবং প্রতিপক্ষের প্রতি সম্মান তাঁকে কোর্টের ভেতরে ও বাইরে অনন্য উচ্চতায় বসিয়েছে। এই সমস্ত মূল্যবোধই রিয়াল মাদ্রিদের মূল পরিচয়ের অংশ, যা তিনি সারা জীবন লালন করেছেন।’ 

২০২৬ সালের শুরুর দিকে নাদাল রিয়াল মাদ্রিদের সভাপতির দৌড়ে নামছেন বলে রটে যাওয়া গুঞ্জনটি তিনি নিজে উড়িয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত সভাপতি পদে না গেলেও বোর্ডের একজন প্রভাবশালী সদস্য হিসেবেই বার্নাব্যুতে নতুন যাত্রা শুরু হচ্ছে তাঁর। আগামী ২১ নভেম্বর রিয়ালের সাধারণ সভায় নাদালের পরিচালনা পর্ষদের এই নতুন নিয়োগটি ভোটাভুটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হবে।