দীর্ঘদিন জাতীয় ফুটবল দলের নিয়মিত অধিনায়ক ছিলেন জামাল ভূঁইয়া। তবে সাম্প্রতিক সময়ে নেতৃত্বে থাকলেও শুরুর একাদশে জায়গা হচ্ছিল না তার। বদলী নামতে হতো তাকে। অনেক ম্যাচে আবার মাঠেই নামার সুযোগ পাননি। অবশেষে অধিনায়কত্ব হারানোর পর প্রথমবারের মতো শুরুর একাদশে ফিরেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।
আজ বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে জামালকে একাদশে রেখেছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। গোলরক্ষক হিসেবে আস্থা রেখেছেন মেহেদী হাসান শ্রাবণের ওপর। গতকাল অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলন করা তপু বর্মন হঠাৎ ইনজুরির কারণে একাদশে জায়গা করতে পারেননি। রক্ষণভাগে সাদ উদ্দিনের সঙ্গে রয়েছেন জিদান ইউসুফ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন ও তারিক কাজী।
মাঝমাঠে জামালের সঙ্গে রয়েছেন জায়ান আহমেদ। আক্রমণভাগে বাংলাদেশের ভরসা শমিত সোম, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। এদিকে বিশ্বনাথ ঘোষকে নিয়ে রয়েছে বাড়তি কৌতুহল। গত কয়েক দিন অনুশীলনে তাকে ফরোয়ার্ড পজিশনে খেলিয়েছেন কোচ ডুলি। যদিও খেলোয়াড় তালিকায় তিনি ডিফেন্ডার হিসেবে রয়েছেন। ম্যাচে তাকে আক্রমণভাগে খেলানো হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
বাংলাদেশের একাদশ
মেহেদী হাসান শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, জামাল ভূঁইয়া (অধিনায়ক), শমিত সোম, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।