ভুটানের বিপক্ষে ২৩ জনের স্কোয়াডে নেই মোরসালিন!

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম

ভুটানের বিপক্ষে ম্যাচের আগে বড় চমক দেখালেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। ২৮ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পেলেও আজ ম্যাচে ২৩ জনের স্কোয়াডে রাখা হয়নি ইংল্যান্ড প্রবাসী ফুটবলার মাহে খানকে। তার সঙ্গে জায়গা হয়নি শেখ মোরসালিন ও সোহেল রানারও। দলীয় সূত্রে এই তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের স্ট্রাইকিং সমস্যা দীর্ঘদিনের। সেই সংকট কাটাতে মাহে খানকে বড় ভরসা হিসেবে বিবেচনা করেছিলেন কোচ ডুলি। সরাসরি ২৮ জনের চূড়ান্ত দলে রেখেছিলেন এই প্রবাসী ফুটবলারকে। কিন্তু ভুটানের বিপক্ষে ম্যাচে তাকে স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত বিস্ময়ের জন্ম দিয়েছে। এবার সাফের একাধিক ম্যাচ ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় দলগুলোর সুবিধার্থে ২৮ সদস্যের চূড়ান্ত তালিকার সুযোগ রাখা হয়েছে। সেখান থেকে প্রতিটি ম্যাচের আগে ২৩ জনের স্কোয়াড দিতে হচ্ছে। সেই তালিকায় মাহে খান, শেখ মোরসালিন ও সোহেল রানাকে রাখা হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।

অবশ্য মোরসালিন ও সোহেল রানা অসুস্থতার কারণে পুরোপুরি ফিট নন। কয়েক দিন ধরে দলের বাইরে থেকে আলাদাভাবে রানিং ও অনুশীলন করেছেন তারা। অন্যদিকে রোনান সুলিভান চোটের কারণে বাংলাদেশে আসছেন না। ফলে আক্রমণভাগে মাহে খানের ওপর প্রত্যাশা ছিল বেশি। কিন্তু শেষ পর্যন্ত তাকেও বাইরে রাখলেন ডুলি। এদিকে ঘরোয়া ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের পরও জাতীয় দলে সুযোগ পাননি ফর্টিজের ফরোয়ার্ড রাফায়েল টুডু। ঘরোয়া লিগে নিয়মিত গোল করার পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগেও দুটি গোল করেছেন তিনি। এরপরও কোচের বিবেচনায় আসেননি এই ফরোয়ার্ড।

গত ১৮ অক্টোবর ২৮ সদস্যের তালিকা ফেডারেশনে জমা দিয়েছিলেন ডুলি। পরবর্তী সময়ে তাজ উদ্দিন ও আব্দুল্লাহ সজীবকে দলে ডাকলেও রোনান সুলিভান না আসার বিষয়টি নিশ্চিত হওয়ার পরও টুডুকে বিবেচনায় নেননি তিনি। সব মিলিয়ে ভুটানের বিপক্ষে ম্যাচের আগে কোচের স্কোয়াড নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে দলের গোল করার সমস্যার মধ্যে মাহে খানকে বাদ দেওয়া এবং ছন্দে থাকা রাফায়েল টুডুকে বিবেচনা না করার সিদ্ধান্ত আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত