হ্যাটট্রিক মিস করা হাসানের দেশের মাটিতে প্রথম ৫ উইকেট

সিলেট টেস্টে নতুন বলে জাদু দেখালেন হাসান মাহমুদ।রাওয়ালপিন্ডি, চেন্নাই, ডারউইন ও আবু ধাবির পর এবার দেশের মাঠেও ৫ উইকেটের দেখা পেলেন এই ফাস্ট বোলার। ওয়েস্ট ইন্ডিজের প্রথম সাত উইকেটের পাঁচটিই ২৭ বছর বয়সী হাসান।

ম্যাচের দ্বিতীয় দিনের সকালে ১০ ওভার খেলা ওয়ার পর বোলারদের নতুন  বল তুলে দেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় নতুন বলে নিজের প্রথম ওভারে হাসান মাহমুদ নেন দুই উইকেট। হ্যাটট্রিকও হতে পারত! টানা তিন বলে তিনটি উইকেটই পেয়েছিলেন। তবে রিভিউ নিয়ে জশুয়া বিশপ ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদল করেন। বলটি ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাডের ওপরের অংশে আঘাত করে।

প্রথম দিন ৬৮ রানে আমির জাঙ্গুকে নিজের বলে ক‍্যাচ আউটের সুযোগ নষ্ট করেছিলেন হাসান। সেই সুযোগে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে দলকে দিন শেষে ৪ উইকেটে ২৩৫ রানে নিয়ে যান আমির। ১১১ রান নিয়ে সকাল শুরু করে ১৩৩ রানে বাড়িয়েছিলেন স্কোর। ঠিক সেই রানে নতুন বলে নিজের ওভারের চতুর্থ বলে আমিরকে বোল্ড করে দেন হাসান। অফ স্টাম্পের বেশ বাইরের বল ভেতরে ঢুকছিল, তবুও ঝুঁকি নিয়ে শট না খেলে ছেড়ে দেন বাঁহাতি ব‍্যাটসম‍্যান। তাকে হতাশ করে ছোবল দেয় স্টাম্পে! ভাঙে ১৮৯ বল স্থায়ী ১০৬ রানের জুটি।

২১২ বলে ১৩ চার ও দুই ছয়ে ১৩৩ রান করেন আমির।

হাসানের চমৎকার ভেতরে ঢোকানো ডেলিভারির কোনো জবাব দিতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। ব্যাটের ভেতরের কানায় লেগে বল জমা পড়ল লিটন কুমার দাসের গ্লাভসে।

এরপর নিজের বলে বিশপের ক্যাচ ছেড়েছেন হাসান মাহমুদ। তবে তাকে শেষ পর্যন্ত হাসানই আউট করে দেশের মাটিতে প্রথম ৫ উইকেট নিয়েছেন এই ফাস্ট বোলার। মাঝে গ্রিভসকে ফেরান মিরাজ।

টেস্ট ক্যারিয়ারে হাসানের এটি পঞ্চম ৫ উইকেট। বাংলাদেশি পেসারদের মধ্যে এটিই সর্বোচ্চ ৫ উইকেটের রেকর্ড। এতদিন চারবার করে ৫ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন শাহাদাত হোসেন ও হাসান।

বাউন্ডারিতে বল থামাতে গিয়ে পা মচকায় সাদমানের, স্ট্রেচারে মাঠের বাইরে যান

পা মচকালো সাদমানের

এর আগে বাউন্ডারি থামাতে গিয়ে চোটে পড়লেন সাদমান ইসলাম। তাঁর বাঁ পায়ের গোড়ালি মাঠের ঘাসে আটকে যায় এবং মচকে যায়। মাঠেই তিনি যন্ত্রণায় কাতর হয়ে পড়েন।

চিকিৎসাসেবা দেওয়ার সময়ও তাঁকে দুই হাত দিয়ে মুখ ঢেকে ব্যথায় কাতরাতে দেখা যায়। শেষ পর্যন্ত সাদমানকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

সকালে ৮ম ওভারের মাথায় এই ঘটনা ঘটে।