নাহিদ ইসলাম বললেন

স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলটি এককভাবে অংশ নেবে। সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। গতকাল শুক্রবার সকালে গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলন কক্ষে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে, সব ইউনিয়নে যাতে আমাদের এনসিপি সমর্থিত প্রার্থী থাকে।’

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে সংশয় কিছুটা আছে জানিয়ে নাহিদ বলেন, ‘আমরা ইতিমধ্যে দেখেছি ইউনিয়ন পরিষদ নির্বাচন পেছানো হলো।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্থানীয় সরকার প্রতিনিধি এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিরা পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। ফলে স্থানীয় সরকার নির্বাচনটা দল নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে হবে সেই নিশ্চয়তা আমরা দেখছি না। বিএনপি সবকিছু দলীয়করণ করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নির্বাচনটা দিতে চাচ্ছে। যাতে তারা সব নির্বাচনে যেকোনো মূল্যে জয় ছিনিয়ে নিতে পারে।’

এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নাহিদ বলেন, ‘আমাদের যে ১১ দলীয় নির্বাচনী জোট ছিল সেটি এখন গণভোটের আন্দোলনে মাঠে কাজ করছে, পাশাপাশি সংসদেও আছে। কিন্তু এর পাশাপাশি আমাদের এনসিপি একটি আলাদা সংগঠন, আমাদের আলাদা রাজনীতি রয়েছে। আমরা সেই রাজনীতি অনুসারে আবার কর্মসূচি নিয়ে মাঠে হাজির হচ্ছি। জোট জোটের মতো আছে এবং দল দলের মতো পরিচালিত হচ্ছে।’

বিএনপি সরকার গণঅভ্যুত্থান এবং গণভোটের সঙ্গে প্রতারণা করেছে অভিযোগ করে নাহিদ বলেন, ‘বিএনপি গায়ের জোরে সরকারে আছে। গায়ের জোরে তারা গণভোটের গণরায় মানছে না। অতীতেও আমরা দেখেছি, গায়ের জোরে অনেকেই ক্ষমতায় ছিল, অনেক সিদ্ধান্ত পাস করিয়েও নিয়েছে, কিন্তু সেগুলো স্থায়ী হয়নি। তারা কিন্তু ক্ষমতায় থাকতে পারেনি। বিএনপিও গায়ে জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। ক্ষমতায় থাকতে হলে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে হলে অবশ্যই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে তাদের।’

সভায় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ, সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন প্রমুখ।