রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এই অগ্নিসংযোগ করেছে বলে ধারণা পুলিশের।
গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। পরে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নেভানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
ডিএমপির বাড্ডা জোনের এডিসি আল আমিন হোসাইন বলেন, বাসটি যাত্রী নামিয়ে প্রগতি সরণির কোকাকোলা ক্রসিং দিয়ে ইউটার্ন নেওয়ার সময়ে হেলপার বাসটি ঘোরাতে চালককে সহায়তা করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা এক যুবক পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসে কোনো যাত্রী না থাকায় আহত বা দগ্ধ হওয়ার ঘটনা ঘটেনি। এ ঘটনায় চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, গতকাল দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একটি পরিত্যক্ত বাসে আগুন লাগে। রমনা থানার ওসি মো. ইয়াছিন মিয়া বলেন, বিড়ি বা সিগারেটের আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত। এটা কোনো নাশকতা নয় উল্লেখ করে তিনি বলেন, ঘটনার পর আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি। কেউ আগুন লাগিয়েছে এমন কোনো কিছু পাওয়া যায়নি। এ ছাড়া প্রত্যক্ষদর্শীরাও কাউকে আগুন লাগাতে দেখেননি। এটি একটি দুর্ঘটনা।