আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে সম্মত রাশিয়া

চলমান যুদ্ধ অবসানে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেবেন রাশিয়ার উচ্চপদস্থ কূটনীতিক ও সামরিক কর্মকর্তারা। আগামী মঙ্গলবার ও বুধবার দুদিনব্যাপী ত্রিপক্ষীয় এ বৈঠক সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে গত ফেব্রুয়ারিতেও এ ধরনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাশিয়ার অংশ নেওয়ার বিষয়টি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে নিশ্চিত করেছেন। পেসকভ জানান, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলে উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভসহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরা অন্তর্ভুক্ত থাকবেন।

ইন্টারফ্যাক্সের প্রতিবেদনের বরাতে রয়টার্স জানিয়েছে, রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান আলোচক হিসেবে আবারও নেতৃত্ব দেবেন ক্রেমলিনের উপদেষ্টা ভøাদিমির মেদিনস্কি। প্রতিনিধিদলে প্রথমবারের মতো রিয়াবকভ এবং জেনারেল স্টাফের জ্যেষ্ঠ কর্মকর্তা ইউরি ঝিগারলভস্কি অন্তর্ভুক্ত থাকবেন। রিয়াবকভ উত্তর ও দক্ষিণ আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক তদারকি করেন। পাশাপাশি অস্ত্র নিয়ন্ত্রণ, অপসারণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত বিষয়ের দায়িত্বে রয়েছেন তিনি। অন্যদিকে, ঝিগারলভস্কি সামরিক পরিকল্পনা ও অভিযান পরিচালনার দায়িত্বে থাকা জেনারেল স্টাফের প্রধান অপারেশনাল ডিরেক্টরেটের একজন ডেপুটি চিফ। এ ছাড়াও প্রতিনিধিদলে উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার (জিআরইউ) প্রধান ইগর কোস্তিউকভও থাকবেন। তারা এর আগেও বিভিন্ন আলোচনা ও কূটনৈতিক মিশনে অংশ নিয়েছেন।

গত শুক্রবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে প্রতিনিধিদলের সব সদস্য সাক্ষাৎ করেন। বৈঠকের একটি নির্দিষ্ট সময় আসন্ন এই আলোচনার জন্য নির্ধারিত ছিল বলে দাবি করেছে ইন্টাফ্যাক্স। টেলিভিশনে সম্প্রচারিত এক প্রতিবেদনে পুতিন এই আলোচনার আয়োজন করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান। রুশ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিয়ে কথা বলার প্রয়োজনীয়তার বিষয়ও উল্লেখ করেন তিনি।  রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তির তথ্যমতেÑ পুতিন বলেন, ‘মঙ্গলবার আলোচনা শুরু হতে যাচ্ছে। তাই আমি এই আলোচনায় অংশ নিতে যাওয়া সহকর্মীদের বৈঠকে ডেকেছি।’ রয়টার্স বলছে, বৈঠকগুলো সাধারণত রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হয়ে থাকে। আর এ ধরনের বৈঠকের নিয়ম অনুযায়ী ক্রেমলিন কেবল উদ্বোধনী কার্যবিবরণী প্রকাশ করে থাকে।

এদিকে, শীতের মৌসুম শুরু হওয়ার আগে আগে দীর্ঘদিন চলমান এ যুদ্ধের একটি স্থায়ী সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্রের আলোচকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইরানের বিরুদ্ধে যৌথ হামলার আগেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধের সর্বশেষ শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার সার্বিক আলোচ্যসূচি নিয়ে আগেই কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি জানান, বৈঠকে মূলত যুদ্ধবিরতি, নিরাপত্তা নিশ্চয়তা ও মানবিক সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। একই সঙ্গে সংকট নিরসনে স্থায়ী শান্তিচুক্তির পরবর্তী পদক্ষেপগুলো নিয়েও আলোচনা করবে পক্ষগুলো।