পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গত শুক্রবার মধ্যরাতে শুরু হওয়া উত্তেজনা শনিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠেছিল কালীঘাট এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ) মোতায়েন করা হয়। সংঘর্ষে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় বিজেপির বিরুদ্ধে তাকে প্রাণনাশের চেষ্টার গুরুতর অভিযোগ তুলেছেন অভিষেক।
জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে গত শুক্রবার রাত থেকেই তার কালীঘাটের বাসভবনের সামনে ভিড় জমান তৃণমূল কংগ্রেসের শত শত কর্মী-সমর্থক। অভিযোগ ওঠে, রাত দুইটার দিকে একদল বিজেপি কর্মী অতর্কিত সেখানে উপস্থিত হয়ে ‘চোর’ স্লোগান দিতে শুরু করে এবং অভিষেকের ব্যানার ও কাটআউট ছিঁড়ে ফেলে। এতে বাধা দিতে গেলে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধস্তাধস্তি বেধে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও, উত্তেজনা আরও বাড়তে থাকে। পরে অভিষেক নিজে বাড়ির নিচে নেমে আসেন। সেই সময় বিজেপি কর্মীরা তার বাড়ির সামনে এসে পুনরায় স্লোগান দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও উত্তেজনা চরমে পৌঁছায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশের সংখ্যা বাড়ানো হয় এবং র্যাফ নামানো হয়। রাত ২টা থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত দলীয় কর্মীদের সঙ্গে বাড়ির নিচেই অবস্থান করেন অভিষেক। এ সময় কালীঘাট থানার ওসি বলাই বাগের সঙ্গে তার তীব্র তপ্ত বাক্যবিনিময় হয় এবং তাকে পুলিশের উদ্দেশে আঙুল উঁচিয়ে কথা বলতেও দেখা যায়। পুলিশ বারবার তাকে ভেতরে চলে যাওয়ার অনুরোধ জানালেও তিনি তা শোনেননি।
এই ঘটনায় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছেÑ অভিষেকের বাসভবন পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মমতা বলেন, ‘তোমাদের কাছে কতগুলো বুলডোজার আছে? এসো, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। আমার শরীরের ওপর দিয়ে, আমার বুকের ওপর দিয়েই বুলডোজার চালিয়ে দাও। আমি দেখতে চাই তোমাদের কত সাহস!’