কেরানীগঞ্জ কারাগারে দুই দিনে ২ হাজতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পরপর দুই দিনে দুই হাজতি মারা গেছেন। কারারক্ষীরা জানান, তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে ও রবিবার (৮ নভেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়া ওই দুই হাজতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃত দুই হাজতি হলেন- সোহাগ (৩৯) ও শামীম (৩২)। সোহাগ বংশাল এলাকার ভাসমান বাসিন্দা। তার বাবার নাম রফিকুল ইসলাম। অন্যদিকে শামীম ঢাকার ধামরাই থানার ইন্দিরা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

সোহাগকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আরিফ জানান, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে কেন্দ্রীয় কারাগারের ভেতরে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন সোহাগ। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সোহাগ কোন মামলায় কারাবন্দি ছিলেন, তা জানাতে পারেননি তিনি।

অন্যদিকে, শনিবার দুপুরের দিকে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজতি শামীম। এ বিষয়ে কারারক্ষী রায়হান জানান, শামীমের হঠাৎ বুকে ব্যথা শুরু হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শামীম কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়েও কিছু জানাতে পারেননি কারারক্ষী রায়হান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহত দুই হাজতির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তাদের ময়নাতদন্ত করা হবে।