হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অপরজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। 

এ সময়ে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৩৮ জন। পাশাপাশি নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৭ জন।

রবিবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত সর্বশেষ স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর সকাল ৮টা থেকে ৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে দুইজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মোট ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪৪২ জন। এ সময়ে সন্দেহজনক হামে মোট ১ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ১ হাজার ১১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৯২ জন। অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত ২ লাখ ১২ হাজার ৯৭৯ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।