বিশ্বসাহিত্য কেন্দ্র

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাঠচক্র

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে শিক্ষার্থীরা রয়েছে নতুন একটি সম্ভাবনার দ্বারপ্রান্তে। ভর্তি হবে একাদশ শ্রেণিতে। অনেকেরই শিক্ষাজীবনের নবযাত্রা শুরু হবে একটি নতুন শিক্ষায়তনে। তাদের চারপাশে খুলে যাচ্ছে বিভিন্ন জ্ঞানার্জনের বিভিন্ন মুক্ত বাতায়ন। তেমন একটি সুযোগ হলো, বিশ্বসাহিত্য কেন্দ্রের একাদশ শ্রেণির বইপড়া কর্মসূচি। এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে নির্দিষ্ট বই নিয়ে আলোচনা। এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা বাংলা সাহিত্য ও বিশ্বের কিশোর সাহিত্যের সবচেয়ে সুন্দর ও উপভোগ্য সব বই পড়ার সুযোগ পায়। এই কর্মসূচির ব্যাপ্তি আঠারো সপ্তাহ। এ সময়ে মোট বারোটি বই পড়তে দেওয়া হয় শিক্ষার্থীদের। এই বইয়ের ওপর আলোচনা করেন সাহিত্যিক, শিক্ষক ও বিশিষ্ট বক্তারা। শুধু তাই নয়, বই পড়ার জন্য পুরস্কারও। বই পড়ার শেষে রয়েছে একটি ছোট্ট মূল্যায়ন পরীক্ষা। সাতটি, দশটি ও বারোটি বই পড়ার জন্য শিক্ষার্থীরা পাবে যথাক্রমে শুভেচ্ছা পুরস্কার, অভিনন্দন পুরস্কার ও সেরা পাঠক পুরস্কার। ঢাকা মহানগরের যেকোনো কলেজের একাদশ শ্রেণির যেকোনো শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে। অংশগ্রহণকারীরা বইপড়া ছাড়াও ভ্রমণ, চলচ্চিত্র উপভোগসহ নানা কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে।

আগ্রহী শিক্ষার্থীদের যোগাযোগ করতে হবে বিশ্বসাহিত্য কেন্দ্রে, প্রয়োজন হবে কলেজের পরিচয়পত্র বা ভর্তি রসিদের ফটোকপি  ও এক কপি পাসপোর্ট সাইজ ছবি। কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ফি লাগবে মাত্র বিশ টাকা আর গ্রন্থাগারের নিরাপত্তা ফি জমা দিতে হবে আশি টাকা। তবে কর্মসূচি শেষে তিন মাসের মধ্যে গ্রন্থাগার নিরাপত্তা ফি ফেরত পাওয়া যাবে, যদি অংশগ্রহণকারী ধার নেওয়া বই নিয়ম অনুযায়ী নিয়মিত ফেরত দেন। সদস্য হওয়া যাবে, চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন  বিশ্বসাহিত্য কেন্দ্র, ১৭ ময়মনসিংহ রোড, বাংলা মোটর, ঢাকা ১০০০- এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন ০১৭৬১৪৯৬৪৯৬, ০১৭৬১৪৯৬৪৯৭ এবং ০১৯৭১৪৭৫৮৯৫ এই নম্বরে।