সাফে ভারতের ৬ খেলোয়াড় পরিবর্তন!

সাফ চ্যাম্পিয়নশিপের মাঝপথে স্কোয়াডে ছয়টি পরিবর্তন এনেছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের প্রীতি ম্যাচ খেলতে ছয়জন অভিজ্ঞ ফুটবলারকে ফিরিয়ে নিয়েছে তারা। তাদের পরিবর্তে সাফের বাকি ম্যাচগুলোর জন্য দলে যুক্ত করা হয়েছে ছয়জন নতুন খেলোয়াড়। ভারতের এমন সিদ্ধান্তে টুর্নামেন্টের নিয়মভঙ্গের প্রশ্ন উঠলেও সাফ কর্র্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম মেনেই এ পরিবর্তন করেছে ভারত।

গত ৫ নভেম্বর ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারায় ভারত। সেই ম্যাচের পরই স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন আনে তারা। টুর্নামেন্ট শুরু হওয়ার পর খেলোয়াড় পরিবর্তনের সুযোগ আছে কি না, তা নিয়ে তৈরি হয় আলোচনা। তবে সাফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের সভাপতি জাসওয়ার উমর জানিয়েছেন, টুর্নামেন্টের নিয়ম কিংবা ফুটবলের প্রচলিত আইনে এ ধরনের পরিবর্তনের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি বলেন, ‘আমরা প্রথমে দলগুলোকে ৫০ জনের একটি প্রাথমিক তালিকা নিবন্ধনের সুযোগ দিই। পরে সেটি কমিয়ে ২৮ জনে আনা হয়। এই ২৮ জনের মধ্য থেকে প্রতিটি ম্যাচের জন্য ২৩ জন বেছে নিতে পারে দল। ভারত মূলত বেশ কৌশলী একটি পরিকল্পনা কাজে লাগিয়েছে।’

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেলও একই ব্যাখ্যা দিয়েছেন, ‘যেহেতু টুর্নামেন্টটি ফিফা উইন্ডোর বাইরে অনুষ্ঠিত হচ্ছে, তাই আমরা প্রতিটি দলকে ২৮ জন খেলোয়াড় নিবন্ধনের বাড়তি সুবিধা দিয়েছি। প্রথম ম্যাচে কোনো খেলোয়াড় অংশ না নিলেও নিবন্ধিত ২৮ জনের তালিকা থেকে পরবর্তী ম্যাচে দলে যোগ দিতে পারবেন। ভারতের পরিবর্তিত খেলোয়াড়রা সবাই ওই নিবন্ধিত তালিকায় ছিলেন। তাই এই পরিবর্তন সম্পূর্ণ বৈধ।’

চলমান সাফে ভারতের পরের ম্যাচ ১১ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে।