প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়া পাকিস্তানই সবার আগে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে। গতকাল দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে উঠে গেছে তারা।
‘বি’ গ্রুপে ৩ পয়েন্ট করে অর্জন ভারত ও পাকিস্তানের। মালদ্বীপের বিপক্ষে হেড টু হেডে এগিয়ে মালদ্বীপের চেয়ে। গোল পার্থক্যেও (+২) ভালো অবস্থানে তারা। গ্রুপের শেষ ম্যাচে আগামী বুধবার মুখোমুখি হবে ভারত এবং এখনো পয়েন্টের খাতা খুলতে না পারা মালদ্বীপ। সেরা চারে উঠতে ভারতের (গোল পার্থক্য +১) জন্য ড্রই যথেষ্ট। মালদ্বীপের (গোল পার্থক্য -৩) সামনে বড় ব্যবধানের জয়ের বিকল্প নেই।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের ক্ষত নিয়ে গতকাল ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলতে নামা পাকিস্তান চমৎকার শুরু করে। চতুর্থ মিনিটেই এগিয়ে যায় তারা। বক্সে মিকাইল অরুণ আব্দুল্লাহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম এবং পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন আব্দুল্লাহ।
ব্যবধান দ্বিগুণ হয় নবম মিনিটে। জুনায়েদের পাস ধরে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন নাজিব। ভারতের জালেও গোল পেয়েছিলেন তিনি। ২৪তম মিনিটে মালদ্বীপের ডিফেন্ডার আমদান আলি তালগোল পাকালে বল পেয়ে যান নাজিব, দূরপাল্লার শটে সুযোগ কাজে লাগান ১৯ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ড। ভারতের বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেছিলেন নাজিব। তাই দুই ম্যাচেই তার গোল দাঁড়াল ৩টি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে তিনটি পরিবর্তন এনেও পারেনি মালদ্বীপ। অভিজ্ঞ আলি ফাসিরের সঙ্গে হুসাইন সিফাউ ও নিশাম রশিদ নামলেও গোল পায়নি দলটি। ৬৬তম মিনিটে মোহাম্মদ নাঈমের নিচু শট আটকান পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইজাজ বাট। পরের মিনিটে মালদ্বীপ বল জালে পাঠালেও অফসাইডের কারণে হয়নি গোল।
ভারত ম্যাচে পেনাল্টি মিস করা শায়েক দোস্তের সামনে ৭১ মিনিটে সুযোগ আসে। কিন্তু পাকিস্তানের এই বদলি ফরোয়ার্ড লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন।