আন্তর্জাতিক ক্যারিয়ারের বিভিন্ন অর্জনে আর্জেন্টিনার জার্সি চড়িয়ে আর্জেন্টিনার মাটিতে অজস্রবার গর্জে উঠেছেন লিওনেল মেসি। তবে দীর্ঘ ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনা, পিএসজি কিংবা ইন্টার মায়ামির হয়ে কখনও স্বদেশের মাটিতে প্রতিযোগিতামূলক বা প্রীতি ক্লাব ম্যাচ খেলার সুযোগ হয়নি এই ফুটবল জাদুকরের।
তবে সেই ঐতিহাসিক মুহূর্ত এবার সত্যির পথে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জানুয়ারিতে মেসির ইন্টার মায়ামি প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের মুখোমুখি হতে যাচ্ছে।
এমএলএসে সবশেষে শার্লটের বিপক্ষে ৩-৩ ব্যবধানে ড্রয়ের পর আয়োজিত সংবাদ সম্মেলনে মায়ামির কোচ কিলি গঞ্জালেস এ বিষয় নিয়ে কথা বলেন। এই ম্যাচ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় এই বিষয়টি প্রায় নিশ্চিত। প্রাক-মৌসুম প্রস্তুতির সময়ে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।’
দুই ক্লাবের মধ্যকার এই সম্ভাব্য মহারণ নিয়ে মেসিদের এই আর্জেন্টাইন কোচ আরও যোগ করে বলেন, ‘আর্জেন্টাইন কোনো ক্লাবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ সবসময়ই দারুণ, বিশেষ করে এই ক্ষেত্রে রিভার প্লেটের বিপক্ষে। তবে আনুষ্ঠানিকতা এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখনও কিছুটা অপেক্ষা করতে হবে।’
এমন কিছ হলে বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আরও একবার নামবেন মেসি। গত অক্টোবরে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর আর্জেন্টাইন সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়ে এই মাঠেই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলেছিলেন মেসি।