‘নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা’-এমন শিরোনামে দেশের একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও শিরোনামটিকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ফাস্ট চেক।
তাদের অনুসন্ধান অনুযায়ী, শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেননি। বরং তার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে একটি চিঠি পাঠিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।
ফাস্ট চেকের অনুসন্ধানে দেখা যায়, যুগান্তর, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ইত্তেফাক, যমুনা টিভি, জাগো নিউজসহ দেশের একাধিক গণমাধ্যম প্রায় একই ধরনের শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। এসব প্রতিবেদনের মূল সূত্র ছিল আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
তবে রয়টার্স ও এপির মূল প্রতিবেদনে শেখ হাসিনা নিজে পাসপোর্টের আবেদন করেছেন-এমন কোনো তথ্য উল্লেখ করা হয়নি। বরং দুই সংবাদমাধ্যমই বিষয়টিকে তার আইনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ হিসেবে তুলে ধরেছে।
এপির হাতে আসা একটি চিঠির বরাতে প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার একজন আইনজীবী নয়াদিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের শীর্ষ কর্মকর্তাকে তার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে উদ্দেশ করে পাঠানো চিঠিতে ম্যাট্রিক্স চেম্বার্স উল্লেখ করে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে তার মক্কেলের জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
অন্যদিকে, রয়টার্সের প্রতিবেদনেও চিঠির বিষয়টিকে ‘requested’ বা অনুরোধ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিষয়টি দ্রুত প্রক্রিয়াকরণের অনুরোধ জানানো হয়েছিল বলেও প্রতিবেদনে বলা হয়।
ফাস্ট চেকের ব্যাখ্যা অনুযায়ী, পাসপোর্টের আবেদন এবং কোনো ব্যক্তির পক্ষে পাসপোর্ট ইস্যুর জন্য কূটনৈতিক মিশনে চিঠি পাঠানো এক বিষয় নয়।
বাংলাদেশের নিয়মিত ই-পাসপোর্ট প্রক্রিয়ায় আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হয়। এরপর নির্ধারিত পাসপোর্ট অফিস বা বিদেশে বাংলাদেশের মিশনে সশরীরে উপস্থিত হয়ে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিসের তথ্য দিতে হয়।
কিন্তু এপি ও রয়টার্সের প্রতিবেদনে শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক আবেদন ফরম জমা দেওয়া কিংবা বায়োমেট্রিক তথ্য দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, প্রাপ্ত তথ্য অনুযায়ী, শেখ হাসিনার পক্ষে তার আইনি প্রতিষ্ঠান নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ হাইকমিশনকে চিঠি দিয়েছে। এটিকে সরাসরি শেখ হাসিনার নিজের পাসপোর্টের আবেদন হিসেবে উপস্থাপন করা যথাযথ নয়।