চব্বিশের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন। নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য তিনি আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে দিল্লির হাইকমিশনে চিঠি পাঠিয়ে এই আবেদন করা হয়, যা রয়টার্সের নজরে এসেছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর এটিই তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক যোগাযোগের প্রথম বড় খবর। রয়টার্সের মতে, দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটিই তার সবচেয়ে জোরালো ও স্পষ্ট পদক্ষেপ। এর আগে ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনার কথা তিনি নিজেই জানিয়েছিলেন।
বাংলাদেশে বর্তমানে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ হয় ভারতে, নতুবা অন্যান্য দেশে আত্মগোপনে আছেন। বাকিদের অনেকেই এখন দেশের কারাগারে বন্দি। রয়টার্সের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ নেতারা জানান, আইনি ও অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই সাবেক এই প্রধানমন্ত্রীর দেশে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হবে।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেয়। অবশ্য ভারত থেকেই তিনি বরাবর এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে হাসিনার আইনজীবীরা অবিলম্বে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
লন্ডনভিত্তিক আইন সংস্থ ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা ওই চিঠিতে লিখেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট এবং এনআইডি বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির বাধ্যবাধকতাকে সামনে রেখে এই আবেদন দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য দিল্লির ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং ঢাকার বর্তমান প্রশাসনের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে বর্তমান সরকার যখন দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে, তখন সাবেক এই নেতার সম্ভাব্য প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
‘শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি, ভারতের বক্তব্য বড় নয়’: আইনমন্ত্রী
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার প্রশ্নই আসে না: হুমায়ুন কবির