রাঙ্গামাটির কাপ্তাইয়ে লোকালয় থেকে ১২ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ ধরা পড়ে। পরে সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কাপ্তাই জাতীয় উদ্যানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাইয়ের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ইমরুল কায়েসের উপস্থিতিতে অজগরটি অবমুক্ত করা হয়। এর আগে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি মারমাপাড়া ছাত্রাবাস এলাকায় অজগরটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সাপটি ধরেন।
রেসকিউ টিমের সদস্য মো. সাকিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তারা অজগরটি ধরেন। পরে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও রেসকিউ টিমের সমন্বয়ে সাপটিকে নিরাপদে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।