চলন্ত ট্রেনে হাত ফসকে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে নিচে পড়ে প্রাণ হারিয়েছেন মো. আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক প্রধান শিক্ষক। গত রবিবার দিনগত রাত ৪টার দিকে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনের অদূরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ শাহাপাড়া গ্রামের মৃত সফিয়ার রহমানের ছেলে। তিনি ওই এলাকার প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক অসুস্থ ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন। গত রবিবার দিনগত রাত ৩টা ৫৫ মিনিটের দিকে ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যায়। স্টেশন থেকে প্রায় ৩০০ গজ উত্তরে আউট সিগন্যাল এলাকায় চলন্ত ট্রেনের দরজার কাছে অবস্থানকালে অসাবধানতাবশত তার হাত থেকে মোবাইল ফোনটি নিচে পড়ে যায়। ফোনটি উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তিনিও চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান। এতে তার মাথা, বাম হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে সারোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য ঢাকায় একটি কোচিংয়ে পড়াশোনা করছিলাম। গত দুই সপ্তাহ ধরে আমি প্রচ- জ্বরে ভুগছি। খবর পেয়ে বাবা আমাকে নিতে আসে। বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।