গঙ্গার পানি বণ্টন চুক্তি, এলপিজির দাম বৃদ্ধি, শ্রমিক অসন্তোষ ও সারসংকট নিয়ে জাতীয় সংসদে আলোচনা করতে চায় বিরোধী দল জামায়াতে ইসলাম। গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে কার্যপ্রণালি বিধির ১৪৭ ও ৬৮ বিধিতে এসব নোটিশ দেওয়া হয়েছে। প্রস্তাব দিয়েছেন সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। এর বাইরে আরও তিনটি বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছে দলটি।
আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে করা গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ পরিস্থিতি পর্যালোচনা এবং বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আলোচনার প্রস্তাব দিয়েছেন সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। তিনি ১৪৭ বিধিতে এ প্রস্তাব দেন। একই বিধিতে তৈরি চলমান শ্রমিক অসন্তোষ, জ¦ালানি সংকট ও অন্যান্য কাঠামোগত সমস্যা নিরসন এবং এ খাতের সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে সাধারণ আলোচনার প্রস্তাব দিয়েছেন জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র মোহাম্মদ নাজিবুর রহমান। এ বিষয়ে নাজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ১৪৭ বিধিতে প্রস্তাব গৃহীত হলে সংসদে আলোচনা হবে। আলোচনার সময়সীমা নির্ধারণের এখতিয়ার স্পিকারের।
অন্যদিকে ৬৮ বিধিতে আলোচনার জন্য আরও দুটি প্রস্তাব দিয়েছে জামায়াত। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের প্রয়োজনীয় সারপ্রাপ্তিতে সংকট, কালোবাজারে অতিরিক্ত দামে সার বিক্রি, সার বিতরণ ব্যবস্থাপনায় অনিয়ম এবং সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের কার্যকর পদক্ষেপ চেয়ে প্রস্তাব দিয়েছেন শফিকুল ইসলাম মাসুদ। এলপিজি গ্যাসসহ অন্যান্য জ¦ালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মূল্য নির্ধারণে গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করা এবং বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ চেয়ে ৬৮ বিধিতে প্রস্তাব দিয়েছেন ব্যারিস্টার মাহবুবুল আলম।
এ ছাড়া আরও তিনটি বিষয়ে ৬৮ বিধিতে আলোচনার প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন নাজিবুর রহমান। এগুলো হলো প্রধানমন্ত্রীর জাপান সফর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা। প্রস্তাবগুলো গৃহীত হলে সংসদে আলোচনা হবে।
স্থানীয় সরকারে ২৭,৮৫৯ কোটি টাকার অনিয়ম : স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের ৬৬টি কার্যক্রমে ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকার অনিয়মের তথ্য পেয়েছে তদন্ত কমিটি। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের কার্যক্রম পর্যালোচনা করে এ অনিয়মের তথ্য পাওয়া যায়। অধিকতর তদন্তের জন্য প্রতিবেদনটি দুদক পাঠানো হয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে মন্ত্রীর পক্ষে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আর্সেনিকমুক্ত পানি নিশ্চিত করতে ৩ হাজার ৫৪৪ কোটি ৭১ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে গত তিন বছরে ২ লাখ ৫০ হাজার ৮০৯টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১৬ হাজার ১৯৪টি পরিবার স্থায়ীভাবে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাদরিয়া মমতাজের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গুলশান লেকসংলগ্ন বনানী, গুলশান ও বারিধারা এলাকার ৪ হাজার ৪০৯টি ভবন পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনে যেসব ভবনে সেপটিক ট্যাংক নেই, অকার্যকর কিংবা সিটি করপোরেশনের ড্রেনের সংযোগ রয়েছে, সেসব ভবনমালিককে সতর্ক করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওয়াসার পানি পুনরায় পরীক্ষা করা হবে : সংসদ সদস্য মো. মোবাশ্বের ভূঁইয়ার প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকা ওয়াসার একটি জোনের আটটি এটিএম বুথ থেকে পানির নমুনা সংগ্রহ করে ইউরোপের একটি দেশে পরীক্ষা করা হয়। এতে একটি নমুনায় সহনীয় মাত্রার চেয়ে বেশি পিইএএস জীবাণু পাওয়া গেছে বলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তথ্য প্রকাশ করেন। তবে নমুনা সংগ্রহের বিষয়ে ঢাকা ওয়াসা অবগত ছিল না। গবেষণাটি এখনো কোথাও প্রকাশিত হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে ঢাকা ওয়াসা সংশ্লিষ্ট গবেষক দলের সঙ্গে যোগাযোগ করে। পরে গবেষক দল ও ওয়াসার সমন্বয়ে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে সুইডেনের একটি পরীক্ষাগারে পানির নমুনা পাঠিয়ে পুনরায় পরীক্ষা করা হবে।
বনানী কবরস্থানে কবরের ফি ১ কোটি টাকা : সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে স্থানীয়সরকার মন্ত্রী জানান, বনানী কবরস্থানের দুই-তৃতীয়াংশ সাধারণ এলাকা। সেখানে কবর দিতে ৫০০ টাকা খরচ হয় এবং কবরের মেয়াদ থাকে দুই বছর। অন্যদিকে সংরক্ষিত এলাকায় ১৫ ও ২৫ বছর মেয়াদে কবর দেওয়ার সুযোগ রয়েছে। ১৫ বছর মেয়াদি কবরের জন্য ১ কোটি টাকা এবং ২৫ বছরের জন্য দেড় কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
৭২২টি এনজিওর নিবন্ধন বাতিল : সংসদ সদস্য মো. জালাল উদ্দীনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭২২টি এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় দেওয়া শর্ত ও পরবর্তী সময়ে ব্যুরোর আইনানুগ নির্দেশনা অমান্য করা এবং ভুয়া এলওআই দাখিলের কারণে এসব নিবন্ধন বাতিল করা হয়।