আজ ১০ নভেম্বর। শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে যুবলীগ কর্মী নূর হোসেন স্বৈরাচারবিরোধী মিছিলে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন। তার এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে আরও বেগবান এবং গণতন্ত্রের প্রতিষ্ঠার পথ সুগম করে। তাই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাসে নূর হোসেন একটি অবিস্মরণীয় নাম। গণতন্ত্রের সেই আন্দোলনে আত্মত্যাগ করে ইতিহাসে স্থান করে নিয়েছেন নূর হোসেন।
লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক স্বৈরশাসনের অবসানে গড়ে ওঠা ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ১৯৮৭ সালের ১০ নভেম্বর ১৫ দল, ৭ দল ও ৫ দলের সচিবালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন শুরু করে। এ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত ছাত্র সংগঠনগুলোর সমর্থনে অবস্থান ধর্মঘট ঘেরাও কর্মসূচির রূপ লাভ করে। ওই দিন সকাল থেকেই সব বাধাকে উপেক্ষা করে সচিবালয়ের চারদিকে আন্দোলনকারী ছাত্র-জনতার মিছিল আসতে শুরু করে। তোপখানা রোডের মুখে পুলিশ বক্স পেরিয়ে নূর হোসেন ও অন্যদের সাহসী মিছিল এগিয়ে যেতে থাকে। তখন সাহসী যুবক নূর হোসেনের বুকে-পিঠে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’।
মিছিলটি রাজধানীর জিরো পয়েন্টে (জিপিওর সামনে) এলে পুলিশ গুলি চালায়। গুলিবিদ্ধ নূর হোসেন রাজপথে লুটিয়ে পড়েন।
একই দিন স্বৈরাচারবিরোধী আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সমর্থিত গণসংগঠন ক্ষেতমজুর সমিতির নেতা আমিনুল হুদা টিটোও রাজধানীর পুরানা পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন। শহীদ নূর হোসেন-টিটোর আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন নতুন মাত্রা পায়। ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ রাজপথে গড়ে তোলে দুর্বার আন্দোলন। সেই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে সারা দেশে। একই সঙ্গে গণআন্দোলনে এরশাদের পতনও ত্বরান্বিত হতে থাকে। আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদ বাধ্য হয়ে পদত্যাগ করেন। এরপর থেকে প্রতিবছর ১০ নভেম্বর দিনটিতে নানা আয়োজনে শহীদ নূর হোসেনকে স্মরণ করা হয়।